সর্বশেষ :
19 Oct 2026, Mon

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ছেলের বক্তব্য: সম্পর্ক ছিন্নের ঘোষণা বাবার

জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ছেলের বক্তব্য: সম্পর্ক ছিন্নের ঘোষণা বাবার, কালের বার্তা

গৌরনদী (বরিশাল): জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় নিজ ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

জানা গেছে, গত ৭ নভেম্বর বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে বক্তব্য দেন কামরুল ইসলাম খানের বড় ছেলে, যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান।

জনসভায় আরাফাত বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, আমার বাবা হাফেজ কামরুল ইসলাম খান জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন। আমি আমার জায়গা থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সামনে বলতে চাই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব। এর বাইরে আমার কোনো ঠিকানা নেই।

তিনি আরও বলেন, যদি আপনাদের কেউ বলে- ভাই, আপনারা যে বিমানে উঠেছেন, সেই বিমানের পাইলট ইউটিউব দেখে বিমান চালানো শিখেছে, তাহলে কি আপনারা সেই বিমানে ভ্রমণ করবেন? আমাদের স্বপন ভাই (আওয়ামী লীগ প্রার্থী) দুইবারের এমপি। তাঁর অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমরা আমাদের সুরক্ষার স্বার্থে স্বপন ভাইকে বিজয়ী করব।

ছেলের এমন মন্তব্যের পর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান যুবদল নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ দিয়েছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম- জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *