আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস। শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অংশগ্রহণ বাড়লেও মাধ্যমিক পর্যায়ে এসে তাদের ঝরে পড়ার হার এখনো উদ্বেগজনক।
সরকারি বিভিন্ন উদ্যোগ ও উপবৃত্তির ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার বেড়েছে এবং লৈঙ্গিক সমতা অর্জিত হয়েছে। তবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ও শিক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার ৩০ দশমিক ৬৩ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা ৩৪ দশমিক ৮৭ শতাংশ।
মেয়েদের শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার অন্যতম প্রধান কারণ বাল্যবিবাহ। বিবিএসের তথ্য অনুযায়ী, ঝরে পড়া মেয়েদের একটি বড় অংশ বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়ে।
তাই কন্যাশিশুর ভর্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের বিদ্যালয়ে ধরে রাখা, নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

