সর্বশেষ :
20 Oct 2026, Tue

চাবি নিয়ে দ্বন্দ্ব, দোহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতিবাদ

চাবি নিয়ে দ্বন্দ্ব, দোহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতিবাদ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় অবস্থিত দোহার প্রেসক্লাবে তালা ঝুলিয়ে বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বুধবার (১৩ মে) দুপুরে তারা প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, প্রেসক্লাব একটি স্বাধীন সংগঠন হলেও বর্তমান অনির্বাচিত কমিটি প্রায় দেড় বছর ধরে এটিকে ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের চাবি নিজেদের নিয়ন্ত্রণে রেখে নিজেদের ইচ্ছামতো কার্যক্রম ও সভা পরিচালনা করছেন। অন্য সদস্যরা চাবি চাইলে তা দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তারা।

সাংবাদিকরা জানান, বুধবার জরুরি সংবাদসংক্রান্ত বিষয়ে আলোচনা সভার জন্য দোহারের গণমাধ্যমকর্মীরা প্রেসক্লাবে বৈঠক ডাকেন। এর দুদিন আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কাছে একাধিকবার চাবি চাওয়া হলেও তিনি দিতে অস্বীকৃতি জানান। পরে নির্ধারিত সময়ে সাংবাদিকরা প্রেসক্লাবে গিয়ে মুঠোফোনে আবারও চাবি চাইলে তিনি চাবি দেবেন না বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে উপস্থিত সাংবাদিকরা প্রেসক্লাব ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

তাদের ভাষ্য, গুটি কয়েক নামধারী সাংবাদিকের জন্য প্রেসক্লাবের কার্যক্রম পরিচালিত হতে পারে না। এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা।

এছাড়া অভিযোগ করা হয়, গঠনতন্ত্র না মেনে নিয়মবহির্ভূতভাবে কয়েকজনকে সদস্য করা হয়েছে। একই সঙ্গে দোহারের মূলধারার অনেক সাংবাদিককে প্রেসক্লাবের বাইরে রাখা হয়েছে। বিভিন্ন কারণ দেখিয়ে একাধিক সদস্যকে দূরে রেখে বহিরাগত লোকজন দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।

উপস্থিত সাংবাদিকরা এ সমস্যার দ্রুত সমাধানে প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *