ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে এমকে ডাঙ্গী ও মৌলভীচর এলাকার মানুষের যোগাযোগের দুর্ভোগ লাঘবে নির্মিত ‘শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু’ উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মৌলভীচর গ্রামে এ সেতুর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরমান আলী সরদার।
জানা গেছে, কাঠের তৈরি এ সংযোগ সেতু নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন স্পেন বিএনপির সহসভাপতি ইউনুস আলী প্রামাণিক। সেতুটি নির্মাণের ফলে এমকে ডাঙ্গী ও মৌলভীচর এলাকার প্রায় দুই হাজার পরিবারের চলাচল সহজ হয়েছে।
স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণের আগে দুই এলাকার মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের ভোগান্তি আরও বেড়ে যেত। নতুন এ সংযোগ সেতু চালু হওয়ায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত সহজ হবে।
পাশাপাশি সেতুটি চালু হওয়ায় দুই এলাকার মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও আশা করছেন স্থানীয়রা।

