খুলনা প্রতিনিধি: খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য একা চলাচল করতে পারবেন না। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম। এ ঘটনার পর পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। সাদা পোশাকে থাকা অবস্থায় ছিনতাইকারীদের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

