সর্বশেষ :
19 Oct 2026, Mon

খুলনায় মসজিদে ঢুকে গুলিবর্ষণে আহত দুই মুসল্লিকে হাসপাতালে ভর্তি

খুলনায় মসজিদে ঢুকে গুলিবর্ষণে আহত দুই মুসল্লিকে হাসপাতালে ভর্তি

খুলনা: খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দুই মুসল্লিকে গুলি করেছে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন লোকমান হোসেন ও আলম। এর মধ্যে লোকমানের শরীরে চারটি এবং আলমের হাতে একটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে। আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন লোকমান। হামলার পর স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে লোকমান হোসেনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে এলোপাতাড়ি গুলিতে আলমও আহত হন।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *