মো. রাশেদুল ইসলাম (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। আজ দেরিতে হলেও দেশের মানুষের কথা চিন্তা করে এবং কৃষির উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, দেশের কৃষি নির্ভর জনগোষ্ঠীর একমাত্র ভরসা হলো কৃষক। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে।
তিনি আরও বলেন, এক সময় বাংলাদেশে মাত্র একটি ফসল ‘আমন ধান’ উৎপাদন হতো। বর্তমানে তিনটি ফসল উৎপাদন হচ্ছে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হুইপ দুলু আরও বলেন, খরার সময় পানির সংকট, ফারাক্কা বাঁধ ও তিস্তার পানির সমস্যাসহ নানা সংকট থেকে মুক্তির জন্য তারেক রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এর মাধ্যমে পানি সংরক্ষণ করে কৃষকের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি এসব কথা বলেন শনিবার (তারিখ উল্লেখিত) বেলা ১২টার দিকে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নে হেলেঞ্চা খাল পুনঃখনন এবং ছাতনী ইউনিয়নে ভাদুড়ী-যামিনী খাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এই দুইটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ।

