মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সদ্য হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী পুকাই চন্দ্র বর্মণ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৭ এপ্রিল, শুক্রবার রাত ১০টার দিকে চলতি বছরের জানুয়ারি মাসে তার মায়ের দায়ের করা সিআর মামলা নং- ২৭১(১)২৬ এর ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়। মামলায় তার বিরুদ্ধে মারামারি ও চুরির অভিযোগ আনা হয়েছে, যা ৩২৩/৩৮০/৪২৭ পেনাল কোড ধারায় অন্তর্ভুক্ত।
পুকাই চন্দ্র বর্মণ কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের দেবেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।
গত জানুয়ারি মাসে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে তিনি প্রায় এক মাস আগে স্বজ্ঞানে ও স্বইচ্ছায় এফিডেভিটের মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মো. উসমান মিয়া রাখেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আদালতের নির্দেশে ওয়ারেন্টমূলে পুকাই চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জানা যায়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণের পর পারিবারিকভাবে একাধিকবার তার বিষয়ে সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বারবার জানান, নিজ ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এতে কারও প্ররোচনা নেই। তবে ইসলাম গ্রহণের পর থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ সালিশে সিদ্ধান্ত হয়, তিনি প্রতি মাসে তার স্ত্রী ও সন্তানের ভরণপোষণ বাবদ চার হাজার টাকা করে প্রদান করবেন। পাশাপাশি তিনি তার মায়ের ভরণপোষণ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
এরপরও তার মা অসুস্থ থাকায় সদ্য মুসলিম হওয়া মো. উসমান মিয়াকে পুলিশের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় স্থানীয়দের মধ্যে অনেকে দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণকারী এই অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো উচিত।

