ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রথম বারের মতো বিশাল বহর নিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ভোট চেয়ে দিনব্যাপী পথসভা শুরু করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিএনপির আয়োজিত ছয়টি পথসভায় যোগ দেন তিনি।
এ সময় বক্তব্যে তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। বিগত সরকারের আমলে এ দেশের সাধারণ মানুষ শোষণ ও নিপীড়নের শিকার হয়েছিল। তাদের অত্যাচারে মুখ ফুটে কথা বলার সাহস পায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের ফলে সরকার পালাতে বাধ্য হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাক্স্বাধীনতা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। তারা নির্বাচনের নামে মানুষকে হয়রানি করে।
এ সময় তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দেশে বিগত দিনের তুলনায় ব্যাপক পরিবর্তন এসেছে। মানিকছড়ি উপজেলায় আয়োজিত প্রথমবারের মতো ছয়টি পথসভায় ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়ি জেলার উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজিত পথসভায় আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বৃথী, যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব।

