ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারবর্গের অনুকূলে বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এসব চেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।
এ সময় খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭টি পরিবারকে মোট ২৩ লাখ টাকা হস্তান্তর করা হয়। এর মধ্যে ৪টি নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ৩টি পরিবারকে ১ লাখ টাকা করে প্রদান করা হয়।
মঞ্জুরিকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মুছাসহ খাগড়াছড়ি যানবাহন সমিতির বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

