ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর, খাগড়াছড়ি জেলা বিএনপি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অপরদিকে খাগড়াছড়ি জেলা বিএনপি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে খাগড়াছড়ি পৌর শহর প্রদক্ষিণ করে জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। পরে শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। এ ছাড়া জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিশেষ খাবার পরিবেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

