সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ভেকসিনকোর গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ, জরিমানা ২৫ হাজার টাকা

খাগড়াছড়িতে ভেকসিনকোর গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ, জরিমানা ২৫ হাজার টাকা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ভেকসিনকোর গ্যাস সিলিন্ডারে পানি থাকার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজে এক নিয়মিত ক্রেতা অভিযোগ করেন, তার কেনা গ্যাস সিলিন্ডারে পানি ভর্তি রয়েছে।

ভুক্তভোগী জানান, এর আগে প্রতিটি গ্যাস সিলিন্ডার অন্তত এক মাস ব্যবহার করা যেত। তবে এবার ভেকসিনকোর একটি সিলিন্ডারের গ্যাস ১৫ দিনও স্থায়ী হয়নি। পরে তিনি সিলিন্ডারটি হাতে নিয়ে দেখতে পান, এর ভেতরে পানি রয়েছে বলে তার সন্দেহ হয়।

এ বিষয়ে সিকদার এন্টারপ্রাইজের কর্ণধার মো. খায়রুল হোসেন বলেন, তিনি নিয়মিত জননী ট্রেডার্স ডিলার পয়েন্ট থেকে গ্যাস সংগ্রহ করে বিক্রি করেন।

খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্টের কর্ণধার শংকর দেবনাথের কাছে গ্যাসে পানি মেশানোর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভেকসিনকোর কোনো ডিলার পয়েন্ট তার নেই। এ ঘটনার জন্য তিনি সংশ্লিষ্ট কোম্পানিকেই দায়ী করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধ অনুমোদন না থাকায় সিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ডিলার পয়েন্টের নাম ব্যবহার করায় জননী ডিলার পয়েন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ এড়াতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কোনো অসাধু ব্যবসায়ী এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *