ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবাসহ বিভিন্ন ধরনের তামাকজাত ও মাদকদ্রব্য ছিল।
মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ সময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

