ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এআই, ফ্যাক্ট-চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন মো. আনোয়ার সাদাত।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর রিসোর্স পারসন এবং প্রথম আলো-এর সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর এস এস আল আরেফিন ও পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বক্তব্য দেন। তারা বলেন, বর্তমানে সাংবাদিকতাকে নানা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে পরিচালিত হতে হচ্ছে। একই সঙ্গে এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং, তথ্য যাচাই এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তারা। পাশাপাশি প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, ইউনেস্কোর প্রশিক্ষক প্রতিনিধি রাকিবুল ইসলাম খান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

