সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়িকে সবুজ বনায়নের আহ্বান ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

খাগড়াছড়িকে সবুজ বনায়নের আহ্বান ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িকে সবুজ বনায়নের আহ্বান জানান ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। রবিবার (২১ জুন) সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় দিন দিন জনবসতি বৃদ্ধি ও অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং গাছ কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। এটি শুধু পাহাড়ের চিত্র নয়, আমাদের পুরো দেশের চিত্রই এমন। তবে বর্তমান সরকারের যে সৎ ইচ্ছা, পরিবেশকে হুমকির হাত থেকে রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি- তাকে তিনি সাধুবাদ জানান। তিনি আরও বলেন, খাগড়াছড়িতে ২০ লক্ষ বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বনায়নকে রক্ষা করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি-টু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে শেষ হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *