কে.এম শাহীন রেজা (কুষ্টিয়া): ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটিবি) মিরপুর লিফ ডিপোর শ্রমিক সরবরাহের কাজ দখলে নিতে পেশিশক্তি প্রয়োগের চেষ্টা করে প্রতিরোধের মুখে পড়েছেন কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক, কুষ্টিয়া জেলার বারখাদা এলাকার ত্রিমোহনীর মৃত বজলুর রহমানের ছেলে আরিফুর রহমান সুমন (৫০)।
গত শনিবার সকালে তিনি ভাড়াটে লোকজন নিয়ে লিফ ডিপোর কাজ দখল করতে গেলে প্রকৃত ঠিকাদারের শ্রমিক ও প্রশাসনের বাধার মুখে সেখান থেকে সরে যান।
এ ঘটনার পর সুমন সরকার শহরের পাঁচ রাস্তার মোড়ে একটি মানববন্ধনের আয়োজন করে তালিকাভুক্ত বৈধ ঠিকাদার সিহাব উদ্দিনকে জড়িয়ে নানা মিথ্যাচার করেন।
সুমন দাবি করেন, সিহাব উদ্দিন লোকজন নিয়ে তার ঠিকাদারি কাজ দখলে নিতে সেখানে যান এবং তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন।
এদিকে সিহাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত এই লিফ ডিপোতে শ্রমিক সরবরাহসহ অন্যান্য কাজের তিনি বৈধ ঠিকাদার। বিগত ৪৫ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সুনাম ক্ষুণ্ন করতে সুমন সরকার মিথ্যাচার করে আসছেন।
তিনি অভিযোগ করেন, সুমন তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অস্ত্র দেখানো বা হুমকি দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান (বিএটিবি)-এর ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। এখানে ব্যবসায়িক অভিজ্ঞতা, সততা এবং কথা ও কাজের মিল থাকা জরুরি। তিনি বলেন, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে এবং শ্রমিকদের ফাঁকি দিয়ে এখানে কাজ করার কোনো সুযোগ নেই।
সিহাব উদ্দিন বলেন, তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে তিনি কুষ্টিয়ার পুলিশ সুপার ও র্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডারের কাছে সুমন গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
তিনি আরও জানান, সুমন এর আগেও পেশিশক্তি ব্যবহার করে জোরপূর্বক কাজ নিতে চাওয়ায় ২০২৪ সালের ১৫ আগস্ট কুষ্টিয়ার পুলিশ সুপারের কাছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর রিজিওনাল ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেন। বিএটি বাংলাদেশের বৈধ ঠিকাদার হিসেবে তিনিও সে সময় একই ধরনের অভিযোগ পুলিশ সুপার ও র্যাবের কাছে দাখিল করেছিলেন।

