মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): আসন্ন কুলিয়ারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়ে আলহাজ্ব হাফেজ মাওলানা হারুনুর রশিদ তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
গতকাল ১৩ সেপ্টেম্বর রোববার সকাল থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত তিনি পৌরসভার একাধিক ওয়ার্ড, হাট-বাজার ও মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা সঙ্গে ছিলেন।
এর আগের দিন ১২ সেপ্টেম্বর শনিবার পৌরসভার আশ্রবপুরে তাঁর প্রথম সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এবং মো. শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিপুলসংখ্যক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও মতবিনিময়কালে মেয়র প্রার্থী হাফেজ মাওলানা হারুনুর রশিদ বলেন, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক ও উন্নত পৌরসভা গড়াই আমার মূল লক্ষ্য। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। পৌরসভা থেকে আমার নতুন করে কিছু নেওয়ার নেই; বরং পৌরবাসীকে সেবার মাধ্যমে কিছু দিতে চাই।
তিনি অবকাঠামোগত উন্নয়ন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
ব্যবসায়িক জীবনে সফল এই কাতারপ্রবাসী ও সমাজসেবক ‘কুলিয়ারচর ইসলামী সমাজ কল্যাণ ঐক্য পরিষদ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। এলাকায় সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানের কারণে প্রবীণ ও তরুণ- উভয় প্রজন্মের মধ্যেই তিনি ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে জানান স্থানীয়রা।
তফসিল এখনো ঘোষণা না হলেও মেয়র পদপ্রার্থী হিসেবে হাফেজ মাওলানা হারুনুর রশিদের সক্রিয় তৎপরতা ও গণসংযোগ কুলিয়ারচর পৌরসভার সাধারণ ভোটারদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

