মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর ইউনিয়ন শাখা কমিটি গঠনকে কেন্দ্র করে এক প্রাণবন্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার ফরিদপুরের ঐতিহ্যবাহী হযরত মাওলানা আবু আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গাউছ পাক (রহ.) মাজার শরীফ জামে মসজিদের সামনে খোলা আকাশের নিচে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সহ-সভাপতি রিপন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. আনোয়ার পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার পারভেজ বলেন, আমাদের পিতারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হিসেবে আমাদের ধমনীতেও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রক্ত প্রবাহিত। এই স্বাধীন ভূখণ্ডে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ইস্পাতকঠিন প্রতিরোধ গড়ে তুলব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া ও মো. সোহেল মিয়া এবং সদস্য মো. মিনহাজুর রহমান ও শামীম মিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়া সংগঠনের ভিত্তি মজবুত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, মুক্তিযোদ্ধাদের হাতকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে খুব দ্রুত সময়ের মধ্যে কুলিয়ারচরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠন করা হবে। আমাদের এই ঐক্য কেবল কাগজে-কলমে নয়, রাজপথেও থাকবে।
আলোচনা সভা থেকে সমাজ সংস্কার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। বক্তারা শক্ত কণ্ঠে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সমূলে উৎপাটন করতে হবে। সরকারের পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রহরীর ভূমিকা পালন করবে এবং অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
উক্ত মতবিনিময় সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

