সর্বশেষ :
19 Oct 2026, Mon

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ছাত্রদল নেতা ইমরান খানের প্রার্থিতা ঘোষণা

কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ছাত্রদল নেতা ইমরান খানের প্রার্থিতা ঘোষণা

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা হয়নি। তবুও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ইউনিয়নগুলোতে পুরোদমে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও মেম্বার পদপ্রার্থীরা ব্যানার, পোস্টার ও বিলবোর্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন।

এই নির্বাচনে আধুনিক, উন্নত ও স্বনির্ভর সমাজ গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মো. ইমরান খান। কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব ও আন্দোলন-সংগ্রামের পরিচিত এই মুখ নিজেকে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান মো. ইমরান খান গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কেরামত আলী খানের নাতি এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত সালাহউদ্দিন খান শাহজাহানের চাচাতো ভাই। রাজপথের সক্রিয় ভূমিকা, সততা ও নিষ্ঠার কারণে তৃণমূলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে প্রশংসিত বলে স্থানীয়দের দাবি।

দলের নীতিনির্ধারকদের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার প্রত্যাশা করে তিনি প্রতিদিন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের পাড়ায়-পাড়ায়, পথে-প্রান্তরে ও হাট-বাজারে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখ ও নানা সমস্যার কথা গভীর মনোযোগ দিয়ে শুনছেন। তাঁর এই আন্তরিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা স্থানীয় ভোটারদের মধ্যে আস্থা ও সমর্থন তৈরি করছে বলে তাঁর সমর্থকদের দাবি।

শিক্ষাগত যোগ্যতায় বিএসএস ও এলএলবি ডিগ্রিধারী এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে এলাকায় অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ফলে তরুণ ও যুবসমাজের পাশাপাশি প্রবীণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ছে বলে স্থানীয়দের ভাষ্য।

এলাকাবাসীর ভাষ্যমতে, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং এলাকার কাঙ্ক্ষিত অবকাঠামোগত পরিবর্তন ও সামগ্রিক উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গণসংযোগকালে তরুণ এই নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তরুণরাই নির্ভীক, তরুণরাই সমাজের ইতিবাচক পরিবর্তনের মূল হাতিয়ার। গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নকে অবহেলা ও অনগ্রসরতা থেকে বের করে এনে একটি আধুনিক ও সুশাসিত ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।

তিনি ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *