আন্তর্জাতিক ডেস্ক: কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৬ আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

