ঢাকা: পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক পরিষেবা। এ সেবা বিঘ্নিত করা বা বাধা প্রদান করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া পূরণের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সরকার এ বিষয়ে সংবেদনশীল। তবে কর্মস্থল ত্যাগ করে গণছুটি বা কর্মবিরতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ কারণে বিদ্যুৎ বিভাগ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে- সব কর্মকর্তা-কর্মচারীকে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

