সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২৬ এপ্রিল) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাঈনউদ্দিন কাদির সাভার সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের সাক্ষ্য গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের হয়রানি এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষার অভিযোগ রয়েছে জাকির হোসেনের বিরুদ্ধে। এছাড়া দলিল লেখকদের সঙ্গে দুর্ব্যবহার ও ঘুষ লেনদেনের অভিযোগও উঠে এসেছে। সম্প্রতি এক নকলনবিশকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত ‘টেবিল মানি’ ছাড়া ফাইল নিষ্পত্তি করা হয় না। পাশাপাশি দালালের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয় সেবাপ্রার্থীদের।
তদন্ত কর্মকর্তা মো. মাঈনউদ্দিন কাদির জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ইতোমধ্যে কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

