দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বিএনপি নেতা হারুন মাস্টার হত্যা মামলার অন্যতম আসামি রাশেদুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশ জানতে পারে যে হারুন মাস্টার হত্যা মামলার আসামি রাশেদুল দেশত্যাগের চেষ্টা করছেন। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রাশেদুল উপজেলার চর লটাখোলা এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আসামিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর রাতেই দোহার থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

