সর্বশেষ :
20 Oct 2026, Tue

ইয়াবার বিনিময়ে আসত স্বর্ণ: বিমানবন্দরে মাদকসহ ধরা পড়লো দোহারের যুবক

ইয়াবার বিনিময়ে আসত স্বর্ণ: বিমানবন্দরে মাদকসহ ধরা পড়লো দোহারের যুবক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ সাইদুল ইসলাম (৩১) নামে এক আন্তর্জাতিক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ মার্চ) বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ রেইডিং টিম বিমানবন্দরের দ্বিতীয় তলায় সি-২ বোর্ডিং ব্রিজের স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান নেয়। ঢাকা থেকে রিয়াদগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং বিএস-৩৮১) যাত্রী সাইদুল ইসলাম ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করেন ডিএনসি কর্মকর্তারা।

আটক ব্যক্তির দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা যায়, কার্বন পেপার ও স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে অত্যন্ত সুকৌশলে ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। আটক সাইদুল ইসলামের বাড়ি ঢাকা জেলার দোহার থানার মধুরচর গ্রামে। তার বাবার নাম আব্দুল রশিদ মোল্লা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানান, দোহারের মকসুদপুর এলাকার সালাউদ্দিন (২৭) নামে এক ব্যক্তি তাকে এই ইয়াবার প্যাকেটটি দিয়েছিলেন। এই চালানটি সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

গ্রেপ্তারকৃত সাইদুল আরও স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইয়াবা পাচার করতেন এবং বিনিময়ে সেখান থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসতেন।

এই ঘটনায় সাইদুল ইসলাম ও পলাতক সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *