ঢাকা: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার ঠেকাতে এক হাজার টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এতে বলা হয়, পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা সরবরাহের ফলে টাকার ক্রয়ক্ষমতা কমতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে এর প্রভাব পড়তে পারে।
নোটিশে আরও দাবি করা হয়, এক হাজার টাকার মতো উচ্চ মূল্যমানের নোট দুর্নীতি, কর ফাঁকি ও অবৈধ অর্থ গোপন রাখার কাজে ব্যবহারের সুযোগ তৈরি করতে পারে। এতে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ ও ছায়া অর্থনীতির বিস্তারের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং এক হাজার টাকার নোট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্ধারিত ১৫ দিনের মধ্যে দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

