নিজস্ব সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ব্যালটের পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোটগ্রহণ করা হয়েছে। প্রবাসী ভোটার, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এ ব্যবস্থায় ভোট দেওয়ার সুযোগ পান।
নির্বাচন কমিশনের (ইসি) ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কয়েকটি আসনে পোস্টাল ব্যালটের ‘উড়ে আসা’ ভোট নির্বাচনের ফল পাল্টে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি আসন হলো সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১।
সিরাজগঞ্জ-৪ আসনে কেন্দ্রভিত্তিক সাধারণ ব্যালটে বিএনপির প্রার্থী এম আকবর আলী পেয়েছিলেন ১ লাখ ৬০ হাজার ৪৫৮ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৬৯৩ ভোট। এতে সাধারণ ব্যালটে ৭৬৫ ভোটে এগিয়ে ছিলেন বিএনপির প্রার্থী। তবে পোস্টাল ব্যালটে এম আকবর আলী পেয়েছেন ৮২০ ভোট, আর রফিকুল ইসলাম খান পেয়েছেন ২ হাজার ১৭৯ ভোট। ফলে পোস্টাল ভোট যোগ হয়ে চূড়ান্ত ফলাফলে জামায়াতের প্রার্থী রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটে বিজয়ী হন।
একই ধরনের ঘটনা ঘটেছে মাদারীপুর-1 আসনেও। এখানে সাধারণ ব্যালটে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার পেয়েছেন ৬৫ হাজার ২৯১ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা পেয়েছেন ৬৪ হাজার ৫১১ ভোট। এতে সাধারণ ভোটে নাদিরা আক্তার ৭৮৬ ভোটে এগিয়ে ছিলেন। তবে পোস্টাল ব্যালটে হানজালা পেয়েছেন ১ হাজার ৩৯৮ ভোট এবং নাদিরা আক্তার পেয়েছেন ২৩৩ ভোট। চূড়ান্ত ফলাফলে হানজালা ৩৮৫ ভোটে বিজয়ী হন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে। জামায়াত ৬৮টি আসন পেয়ে বিরোধী দলে রয়েছে। এছাড়া অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিলেও ৯টি দল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী সংসদে প্রতিনিধিত্ব পেয়েছেন।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য বিশ্বের ১২৩টি দেশের ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সৌদি আরবসহ ২০টি দেশ থেকে প্রায় ৯৬ শতাংশ প্রবাসী ভোটার ভোট দিয়েছেন।
ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে দেশে ও প্রবাসে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জনের আবেদন অনুমোদন করা হয়। এর মধ্যে ১২ লাখ ১৫ হাজার ৩১৭ জন ভোট দিয়েছেন এবং যাচাই শেষে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

