সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঈদযাত্রা নিরাপদ করতে মুন্সিগঞ্জে মহাসড়ক ও ফিলিং স্টেশনে প্রশাসনের তদারকি

ঈদযাত্রা নিরাপদ করতে মুন্সিগঞ্জে মহাসড়ক ও ফিলিং স্টেশনে প্রশাসনের তদারকি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মুন্সিগঞ্জের মহাসড়কগুলোতে বিশেষ পরিদর্শন ও তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু উত্তর থানা এলাকা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে এই অভিযান পরিচালিত হয়।

ঢাকা-মাওয়া মহাসড়ক এলাকায় পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। অন্যদিকে গজারিয়া এলাকায় তদারকি করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক।

পরিদর্শনকালে দেখা যায়, মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনে কার্যক্রম ছিল সুশৃঙ্খল।

অভিযানকালে কর্মকর্তারা নবনির্মিত ‘বাস বে’-তে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তা যাচাই করেন। এ সময় পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন। অভিযানে কয়েকজন যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়।

একই দিনে সরকারি নির্দেশনা অনুযায়ী গজারিয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সঙ্গে প্রকৃত জ্বালানি মজুত সরেজমিনে যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে-

  • সরকারি নির্ধারিত মূল্যে ডিজেল, পেট্রোল, অকটেন ও এলপিজি বিক্রি নিশ্চিত করা।

  • অধিক মূল্যে জ্বালানি বিক্রি বা যেকোনো ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।

  • ক্রেতাদের সঙ্গে সহনশীল ও মার্জিত আচরণ করার নির্দেশনা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবং বাজার ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঈদের আগ পর্যন্ত প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *