আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে দেশটির দুটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (YAF)। রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি বাহিনীর এক বিবৃতিতে এই হামলার কথা জানানো হয়।
YAF-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে তিনটি ড্রোন হামলা চালানো হয় রামন বিমানবন্দরে। চতুর্থ ড্রোনটি আঘাত হানে আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে।
জেনারেল সারি আরও বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং একইসঙ্গে ইয়েমেনের ওপর আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলাকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের একটি নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ইয়েমেন স্পষ্ট বার্তা দিল যে তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে প্রস্তুত।

