ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতঘরের ছাদে টবে গাঁজার গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে এক বরখাস্ত পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাসা থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো অবস্থায় তিনটি গাঁজা গাছ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অংকন দে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত থাকাকালে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

