সর্বশেষ :
19 Oct 2026, Mon

ইছামতি নদীর বেহাল দশা, খননের উদ্যোগ নিল সরকার

ইছামতি নদীর বেহাল দশা, খননের উদ্যোগ নিল সরকার

নবাবগঞ্জ (ঢাকা): নদীমাতৃক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ইছামতি বর্তমানে তার জৌলুস হারিয়ে ধুঁকছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত এই ঐতিহ্যবাহী নদীটির বেহাল দশা দেখে এবার নড়েচড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের পক্ষ থেকে নদীটি উদ্ধারের যে দাবি উঠে আসছিল, তার পরিপ্রেক্ষিতে সরকার ইছামতি নদীতে সুইসগেট নির্মাণসহ খননকাজের উদ্যোগ নিয়েছে।

বুধবার বিকেলে ইছামতির সোনাবাজু এবং ধুলসুরার বোয়ালী পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই সুসংবাদ দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রুহুল আমিন। তিনি বলেন, সোনাবাজু এলাকায় বেড়িবাঁধ নির্মাণের ফলে নদীর মুখ বন্ধ হয়ে গেছে, এতে পানি চলাচল বন্ধ হয়ে যায়। আমরা চাই, এই নদীটি আবার সচল হোক। এতে নদীর নাব্যতা ফিরে আসবে এবং এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। একই সাথে নদীপথও আবার চালু হবে।

পাউবোর প্রধান প্রকৌশলী জানান, ইছামতি নদী খনন এবং সুইসগেট নির্মাণের এই প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। তাদের মাধ্যমেই এই প্রকল্প বাস্তবায়িত হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি সাংবাদিকদের বলেন, সোনাবাজু এলাকায় নদীর মুখে সুইসগেট নির্মাণের দাবি আমাদের দীর্ঘদিনের। কিন্তু আগের সরকার শুধু মুখে মুখে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছে। বর্তমান সরকার এই নদী খনন ও সুইসগেট নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, তারা এটি বাস্তবায়ন করবে। আমরা খুব শিগগিরই এই দাবির বাস্তবায়ন দেখতে পাবো।

প্রধান প্রকৌশলী রুহুল আমিন এদিন সকালে আড়িয়াল বিল, কার্তিকপুর বাজার এবং সোনাবাজু এলাকাও পরিদর্শন করেন।

পরিদর্শন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেন, ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেওয়ান আইনুল হক, ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী ফাহাদ হাসান, সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, যুবদল নেতা আবুল হাসেম বেপারী, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ এবং ইছামতি বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *