সর্বশেষ :
19 Oct 2026, Mon

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে ২৯৮ নম্বর আসনের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর প্রার্থী মো. নুরুল ইসলাম লিখিত বক্তব্যে ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

এ সময় তিনি মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্মের নামে ধোঁকাবাজি, স্বৈররাজনীতি ও কট্টরবাদী জাতিবাদী স্বৈররাজনীতির খুন-জুলুম ও গোষ্ঠীবাদী জবরদখল থেকে সব মানুষের জীবন, ধর্ম ও রাষ্ট্র রক্ষায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর পক্ষে ভোট প্রার্থনা করে ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহারে খাগড়াছড়িকে সমৃদ্ধ ও শান্তিপূর্ণভাবে গড়ে তোলার লক্ষ্যে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কথা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভূমি অধিকার ও শান্তি চুক্তি বাস্তবায়ন, ভূমি সমস্যার সমাধান এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম বেগবান করে প্রকৃত মালিকদের ভূমি অধিকার নিশ্চিত করা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারাগুলো বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ ছাড়া কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে প্রান্তিক চাষিদের জন্য সহজ শর্তে সুদমুক্ত কৃষিঋণের ব্যবস্থা, শিক্ষা ও তরুণ প্রজন্মের উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং পর্যটন উন্নয়নের মাধ্যমে টেকসই খাগড়াছড়ি গড়ার ইশতেহার ঘোষণা করা হয়।

এ সময় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন, সদস্য সাইদুল ইসলাম, আনোয়ার হোসাইন, হানিফ মিয়া, বেলাল হোসেন, মো. কাওছার আলমসহ খাগড়াছড়ি জেলা কমিটির প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *