বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি) ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আলীকদম থেকে অভিনব কৌশলে অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ৫৭ বিজিবির একটি চৌকস আভিযানিক দল এবং স্থানীয় বন বিভাগের একটি টিম যৌথভাবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন সড়কের উত্তর পাশে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকায় একটি পরিত্যক্ত ডাম্পার ট্রাক তল্লাশি করে এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ৯৮ দশমিক ১৯ ঘনফুট অবৈধ গোদা লগ কাঠ উদ্ধার করা হয়। একই সঙ্গে কাঠ পাচারে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি (চট্টগ্রাম লট-৮৮) জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, জব্দ করা অবৈধ কাঠ ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো আলীকদম উপজেলা বন বিভাগের তৈন রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের সম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

