ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস বা ‘ঈদ আল ইতিহাদ’ উপলক্ষে ৪৪০ জন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদর্শন করেছেন দেশটির শাসকরা। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ‘ঈদ আল ইতিহাদ’ উদযাপনের অংশ হিসেবে দেশটির নেতৃত্ব বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেন। এর ধারাবাহিকতায় এই ৪৪০ জন বাংলাদেশি নাগরিকও মুক্তির সুযোগ পান। সাধারণত প্রতি বছর ঈদ ও জাতীয় দিবসের মতো প্রধান ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশটির শাসকরা দণ্ডিতদের ক্ষমা ঘোষণা করেন।
আমিরাত কর্তৃপক্ষের এই মহানুভবতার মূল লক্ষ্য হলো- ক্ষমাশীলতা প্রদর্শন, দণ্ডিতদের সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ দান এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন, ২০২৫ সালের শেষ দিকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন। বাংলাদেশি প্রবাসীরা এই ক্ষমার ফলে নিজেদের জীবন নতুন করে গড়ার এবং স্বজনদের কাছে ফিরে যাওয়ার অমূল্য সুযোগ লাভ করেছেন।

