আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি: মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।
নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এতে নির্বাচনি আচরণবিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘিত হয়েছে। এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে, যা আচরণবিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা লঙ্ঘন।
এর প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজার ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

