ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী সালাম শিকদার ও স্ত্রী নাসিমা বেগমের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। রোববার (১০ মে) ঘটনাস্থল ও ক্ষতিগ্রস্ত পরিবারটি পরিদর্শন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
পরিদর্শনকালে তিনি নিহত দম্পতির স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়, যখন তিনি নিহত দম্পতির ছোট দুই মেয়ের সঙ্গে কথা বলেন। গভীর শোক প্রকাশ করে সংসদ সদস্য বলেন, এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ যেন পরিবারটিকে এই শোক সইবার শক্তি দান করেন।
পরিবারটির অসহায় পরিস্থিতির কথা বিবেচনা করে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এমপি খন্দকার আবু আশফাক ঘোষণা দেন, নিহত সালাম শিকদারের ছোট দুই মেয়ের লেখাপড়ার যাবতীয় ব্যয় তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। পাশাপাশি মেয়েদের বিয়ে পর্যন্ত সকল সামাজিক ও আর্থিক দায়িত্ব নেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।
সংসদ সদস্য আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকাই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, তারেক রহমান এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এমপি খন্দকার আবু আশফাকের এমন মানবিক উদ্যোগ এবং এতিম দুই শিশুর দায়িত্ব গ্রহণের ঘোষণাকে এলাকাবাসী প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন।

