দোহার (ঢাকা): জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকার দোহার উপজেলায় সফল অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা (ঢাকা) মো. রোকনুজ্জামান এর নির্দেশনায় দোহার উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযানটি মৎস্য দপ্তর, দোহার-এর উদ্যোগে পরিচালিত হয়। দলটিকে উপজেলার বিভিন্ন আড়ত ও বাজারে তল্লাশি করতে দেখা যায়।
তল্লাশি শেষে আনুমানিক ৬০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা তাৎক্ষণিকভাবে ৩টি মাদরাসা ও এতিমখানায় এবং গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে পদ্মা নদীতেও একটি বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে ৪০ পিস চায়না দুয়ারি জাল এবং প্রায় ৫০ লক্ষ মিটার (বা ৫ কিলোমিটার) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জনসম্মুখে জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জাটকা সংরক্ষণে সরকারি আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য মৎস্য দপ্তর বদ্ধপরিকর। অবৈধ জাল ব্যবহার ও জাটকা বিক্রির বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

