ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ভাতাভোগী ৩ হাজার ৬১২ জন সদস্যের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি উপজেলা আনসার ও সদর ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি (৫ বিএন) আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আম্মার হোসেন।
এ সময় তিনি বলেন, পাহাড়ে আনসার ও ভিডিপির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ আনসার ও ভিডিপির মহাপরিচালক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য জেলা খাগড়াছড়ির সকল ভাতাভোগী সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সুজি, তেল, নুডলস, চাল, গুঁড়া দুধসহ মোট আটটি পণ্য।
ঈদ উপহার পেয়ে ভাতাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

