লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা-এ পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মো. লোকমান ইয়াংছা বাজার এলাকার সালেহ আহামদের ছেলে।
বিভিন্ন সংবাদমাধ্যমে পাহাড় কাটার খবর প্রকাশের জেরে মঙ্গলবার (১৯ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন মো. মঈন উদ্দিন, লামা উপজেলা প্রশাসন-এর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) এবং ১৫(১)-এর ক্রমিক ৫ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পাহাড় কাটার অপরাধে মো. লোকমান (৩৩) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ ধ্বংসকারী পাহাড় ও বালু খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

