সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় বিএনপি-যুবদলের নেতাদের দ্বারা হেনস্থার শিকার সাংবাদিকরা, থানায় অভিযোগ

নলডাঙ্গায় বিএনপি-যুবদলের নেতাদের দ্বারা হেনস্থার শিকার সাংবাদিকরা, থানায় অভিযোগ

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপি ও যুবদলের নেতাদের দ্বারা কাজে বাধা, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হেনস্থার শিকার হয়েছেন দুই সাংবাদিক। সোমবার (২৮ মে) সকাল ১১টার দিকে নলডাঙ্গা বারনই নদীর সেতুর ওপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরে এনটিভি অনলাইন ও দৈনিক দিনকালের সাংবাদিক মো. রানা আহমেদ বাদী হয়ে বিএনপির দুই নেতা ও ইউনিয়ন যুবদলের এক নেতাসহ তিনজনের নাম উল্লেখ করে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নলডাঙ্গা থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দৈনিক দিনকাল ও এনটিভি অনলাইন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মো. রানা আহমেদ এবং মানবজমিন পত্রিকার নলডাঙ্গা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসের কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এ সময় পুকুর খননের মাটি এনে নলডাঙ্গা পৌরসভার ভবন নির্মাণের জন্য ভরাট কাজ চলছিল। সেই মাটি অবৈধ যান ‘কাকড়া’ দিয়ে পরিবহন করার সময় অনেক মাটি নলডাঙ্গা বারনই সেতুর ঢালে পড়ে কাদামাক্ত হয়ে যায়। এতে চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয় এবং দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুঝুঁকির আশঙ্কা দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চলাচলের সড়কে পড়ে থাকা মাটির দৃশ্য ভিডিও ধারণ করলে নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাচ্চু সরদার ও তার সহযোগী মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. টিটু সরদার এবং তার বড় ভাই মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান বিদ্যুৎ পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন এবং ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

এ সময় ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক মো. রাশেদ আলম ভিডিও ধারণ করার সময় জোরপূর্বক তার মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনস্থা করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য এলাকার একটি পুকুর কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। কিছুদিন আগে অবৈধভাবে ওই পুকুর খননের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তবে সম্প্রতি সেই পুকুর থেকেই পুনরায় মাটি কেটে ট্রাক্টরে করে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়ক দিয়ে বহন করা হচ্ছিল।

ট্রাক্টর থেকে মাটি পড়ে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। এতে সড়কটিতে যান চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালে এই ঝুঁকিপূর্ণ সড়কের সংবাদচিত্র ও ভিডিও ধারণ করতে যান সাংবাদিক রানা আহমেদসহ কয়েকজন গণমাধ্যমকর্মী।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, সংবাদচিত্র ধারণ করার সময় হঠাৎ স্থানীয় বিএনপি নেতা বাচ্চু সরদারের নেতৃত্বে মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. টিটু সরদার এবং তার বড় ভাই মাধনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুজ্জামান বিদ্যুৎ তাদের ওপর চড়াও হন। তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরে আলম বলেন, আমরা সাংবাদিক হেনস্থার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান আলী খান বলেন, সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টি ও দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সেতুর ঢালে মাটি পড়লে বৃষ্টি হলে সেই মাটি কাদামাক্ত হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এ জন্য চলাচলের সড়কে পড়ে থাকা মাটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *