ছোটন বিশ্বাস, (খাগড়াছড়ি): “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯, ২০ ও ২১ মে অনুষ্ঠিতব্য ভূমি মেলা উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজিত এ প্রেস কনফারেন্স খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
প্রেস কনফারেন্সে মে মাসের ভূমি মেলার বিভিন্ন কার্যক্রম, ডিজিটাল ভূমি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সরকার অটোমেশন কার্যক্রম জোরদার করেছে। মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে জানতে ও তা গ্রহণ করতে পারবেন।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সমীর মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

