নাটোর প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলা উপজেলার বনপাড়া পৌর শহরের প্রফেসরপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাবুল, তার ছেলে লিমন এবং আবুল হোসেনের দুই ছেলে আশিক (২৩) ও আতিক (২০) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তারা মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং নারীদের উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় পূর্বে একটি আঞ্চলিক সালিশ বৈঠকে তাদের সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা চালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসী জানান, বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল এবং স্কুল-কলেজ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে থানায় খবর দেয়। পরে বাবুলকেও আটক করা হয়। তবে লিমনকে আটক করা হয়নি বলে জানা গেছে।
ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে প্রত্যেককে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

