কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় জনবান্ধব ও আধুনিক ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আগামী ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। দেশব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা জুড়ে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে রোববার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
উক্ত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন এবং মেলার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। এতে সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল ওয়াদুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ‘আধুনিক বাংলাদেশ’ বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হচ্ছে নাগরিক ভোগান্তিহীন একটি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাসমূহ অটোমেশনের (ডিজিটালাইজেশন) আওতায় এনেছে।
প্রযুক্তিগত এই উন্নয়নকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আয়োজন করা হয়েছে।
এ সময় আরও জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন।

