দোহার (ঢাকা): ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক দোহার উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। এর মাধ্যমে সরকারি নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হলো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব হায়দার হোসেন হিরো, মাহবুবুর রহমান, লিমন হোসেন এবং মোহাম্মদ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে খোন্দকার আবু আশফাক বলেন, বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধান সংগ্রহ অভিযানে প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।
অনুষ্ঠানে বক্তারা ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল সরকারি গুদামে সরবরাহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

