আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলার মানুষ, বিভিন্ন ট্রেনে যাতায়াতকারী যাত্রীসাধারণ এবং পর্যটকদের চলাচলের সুবিধার্থে স্টেশন রোডের খানাখন্দ ভরাট, রাস্তা মেরামত ও সংস্কারের চলমান কাজ পরিদর্শন করেছেন শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল উপস্থিত ছিলেন।
তাঁরা কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে জনস্বার্থে এ সংস্কার কাজ পরিচালিত হচ্ছে। বর্তমানে রাস্তার খানাখন্দ ও গর্ত ভরাটের কাজ চলমান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত সময়ের মধ্যে বিটুমিনের কাজ শুরু করা হবে।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, পৌরসভার নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ঈদুল আজহার আগেই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

