নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক অজ্ঞাত (১২) শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুড়িমারি থেকে ঢাকাগামী বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দাঁড়িয়ে ছিল অজ্ঞাত শিশুটি। এ সময় অসর্তকতাবশত মাধনগর স্টেশনের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এসআই ফজলুর রহমান বলেন, অজ্ঞাত শিশুটির লাশ আমরা হেফাজতে নিয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, মাধনগর রেল স্টেশনের এই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে ওভারব্রিজের পিলার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

