সর্বশেষ :
20 Oct 2026, Tue

অগ্নিদুর্ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে প্রশাসন: এতিম দুই বোনের জন্য সাহায্যের হাত

অগ্নিদুর্ঘটনায় নিঃস্ব পরিবারের পাশে প্রশাসন: এতিম দুই বোনের জন্য সাহায্যের হাত

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সালাম শিকদার ও তাঁর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

সংবাদ পাওয়ার পরপরই তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।

সংসদ সদস্যের নির্দেশনার পর দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। এ সময় তিনি এতিম হয়ে যাওয়া সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের পড়াশোনার পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

ইউএনও বলেন, নিহত দম্পতির সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। বিশেষ করে তারা যদি জয়পাড়া বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে, তাহলে সেখানে তাদের কোনো ফি দিতে হবে না। আমি নিজে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে প্রধান শিক্ষককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করব।

পরিবারটিকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি আরও বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। স্বামী-স্ত্রী দুজনকে একসঙ্গে হারানো একটি অপূরণীয় ক্ষতি, যা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমরা আপনাদের বাবা-মাকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সরকার ও প্রশাসন যে আপনাদের পাশে আছে, সেটি নিশ্চিত করতে চাই।

সহায়তার অংশ হিসেবে ইউএনও তাৎক্ষণিকভাবে সরকারি তহবিল থেকে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বসতঘরটি পুনর্নির্মাণের জন্য সরকারিভাবে ঢেউটিন সরবরাহের প্রতিশ্রুতি দেন। তিনি পরিবারটিকে দ্রুত টিন বরাদ্দ পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করার পরামর্শ দেন।

সবশেষে এলাকাবাসী ও স্বজনদের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন, এই ছোট দুটি বোন যেন অসহায় বোধ না করে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা ভেঙে পড়লে ওরা আরও বেশি অসহায় হয়ে পড়বে। আমি এলাকাবাসীকে অনুরোধ করব, মানবিক দিক বিবেচনা করে আপনারা এই পরিবারটির পাশে থাকবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *