নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় ৩০ বস্তা সার জব্দ ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া মমিনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খান।
সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুর এলাকায় ভেজাল সার রাখার দায়ে মোঃ আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মমিনপুর এলাকায় ভেজাল সার মজুদ রাখার অভিযোগে ৩০ বস্তা সার জব্দ করা হয় এবং আল মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় বুলবুল নামে একজনকে ভুয়া বালাইনাশক রাখার দায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, নলডাঙ্গা থানার এসআই হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও নলডাঙ্গা থানা পুলিশ।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।

