দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া ঘোনা এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে বরকত নামে এক পেশাদার চোর। বুধবার রাতে এই চুরির চেষ্টার ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বরকত দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দক্ষিণ জয়পাড়া ঘোনা এলাকার এক প্রবাসীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে বরকত। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে।
ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বরকত একজন পেশাদার চোর এবং তার চুরির অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

