আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রী অনুপ কুমার দাস সরকারি চাকরির বয়সসীমা শেষ হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। আজ সোমবার, ৪ মে ২০২৬ ছিল তার শেষ কর্মদিবস। এ কর্মকর্তাকে সম্মানের সঙ্গে বিদায় জানানোর জন্য বিকেলে উপজেলা সম্প্রসারিত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনসহ তার অফিসের সকল স্টাফ আনুষ্ঠানিকভাবে অনুপ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়া চাকরি জীবন শেষে অবসরে যাওয়া এ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অবসর জীবন সুখ-শান্তিতে কাটুক, বিদায়বেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়া এ কর্মকর্তার জন্য দোয়া করেন। অবসর জীবন এখন থেকে পরিবারের সঙ্গে অতিবাহিত করার পরামর্শও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী মো. আরাফাত হোসেন, সার্টিফিকেট সহকারী মো. হাসিবুল হোসাইন, অফিস সহকারী মিজ আলিফ লায়লা, অপারেটর কাম কম্পিউটার বিধান মাহাতো ও গাড়িচালক মো. মফিদুল ইসলাম।
পড়ালেখা শেষে ১৯৮৮ সালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সাঁট মুদ্রাক্ষরিক পদে যোগ দেন তিনি। পরবর্তীতে জয়পুরহাট সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সিএ-কাম ইউডিএ পদে পদোন্নতি পেয়ে পাঁচবিবি উপজেলায় যোগদান করেন। ২০১৯ সালে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে প্রায় ২০ বছর তিনি এ উপজেলাতেই চাকরি করেন।
জয়পুরহাটের খঞ্জনপুরে ১৯৬৭ সালে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা শ্রী ধীরেন্দ্র নাথ দাস একজন প্রান্তিক কৃষক। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। অনুপ কুমার ১৯৯৮ সালে সংসার জীবন শুরু করেন এবং তিন কন্যা সন্তানের জনক। বিদায়বেলায় তিনি বলেন, চাকরিজীবনে তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

