বেলাল আহমদ, লামা (বান্দরবান): “জবাবদিহির সংস্কৃতি, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা” প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলা-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। রোববার (৩ মে) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে লামা উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী তথ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতা বজায় রাখা সাংবাদিকতার অন্যতম প্রধান শর্ত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনই সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, কালের কণ্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান, দৈনিক অর্থনীতির মো. সাহাব উদ্দিন, গিরি দর্পণ প্রতিনিধি এস. কে. খগেশ প্রতি, কালবেলা প্রতিনিধি বিপ্লব দাশ, এনটিভির খন্দকার আমিনুল ইসলাম, জাগো নিউজের নজরুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহনেওয়াজ, সাংবাদিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, নববানীর মো. আলমগীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এ দিবসটি পালন করা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়।

